একই দেশে জন্মেও শিশুর পুষ্টির সুযোগ জেলাভেদে আকাশ-পাতাল ব্যবধান দেখা যাচ্ছে। ছয় থেকে ২৩ মাস বয়সী শিশুদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৭৯ শতাংশ খাদ্যদারিদ্র্যে ভুগছে, আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এই হার ৪৪ শতাংশ। সারা দেশে ছয় থেকে ২৩ মাস বয়সী প্রতি ১০০ শিশুর ৬৫ জনই পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত; অর্থাৎ দেশের দুই-তৃতীয়াংশ শিশু খাদ্যদারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ জরিপ এমআইসিএস ২০২৫-এর জেলা অ্যাটলাসে এ তথ্য উঠে এসেছে। অক্টোবর ২০২৬-এ তৈরি অ্যাটলাসে প্রথমবারের মতো ৬৪ জেলা ও তিন সিটি করপোরেশনের আলাদা হিসাব দেওয়া হয়েছে; গত সোমবার বিবিএস এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়, যাতে ৩ হাজার ১৪৯টি ক্লাস্টারের ৬২ হাজার ৯৮০টি খানা অন্তর্ভুক্ত ছিল।
সবচেয়ে খারাপ অবস্থায় থাকা পাঁচটি এলাকা হলো ব্রাহ্মণবাড়িয়া (৭৯.০ শতাংশ), সিলেট (৭৮.০), যশোর (৭৭.০), বান্দরবান (৭৬.৯) ও শেরপুর (৭৬.৪)। তুলনামূলক ভালো অবস্থানে আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (৪৪.২), গাজীপুর (৪৭.৪), জয়পুরহাট (৫০.৮), বরিশাল (৫১.০) ও পিরোজপুর (৫২.৪)।
শিক্ষার চিত্রও উদ্বেগজনক। সাত থেকে ১৪ বছর বয়সী শিশুদের মাত্র ৫০.২ শতাংশ মৌলিক পড়ার দক্ষতা এবং ৩৯.২ শতাংশ মৌলিক গণিতের দক্ষতা দেখাতে পেরেছে। জেলাভেদে ফারাকও বড়। বরিশাল বিভাগের ভোলা ও বরগুনায় মৌলিক গণিতের দক্ষতা তুলনামূলক কম। সিলেটের সুনামগঞ্জে আপার সেকেন্ডারিতে উপস্থিতি মাত্র ৩২.৪ শতাংশ এবং প্রাথমিক শেষ করার হার ৭৩.৩ শতাংশ, যা দেশের সবচেয়ে কমের মধ্যে পড়ে। অ্যাটলাস বলছে, জাতীয় গড়ের আড়ালে এ ধরনের বড় বৈষম্য লুকিয়ে আছে।