রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ চারজন বার্ন ইনস্টিটিউটে

পশ্চিম মাসদাইরে ভোরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে; রাতে গ্যাস না থাকলেও চুলার সংযোগের সুইচ খোলা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন শাহীন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা আক্তার (২৬), শাহীনের ছোট ভাই সাহেদ আলী (২৫) ও মো. হোসেন (২৪)। তাঁদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ ছিল। রাতে গ্যাস সরবরাহ না থাকলেও চুলার সংযোগের সুইচ খোলা ছিল। পরে রাতে সরবরাহ স্বাভাবিক হলে গ্যাস ঘরের ভেতরে ছড়িয়ে জমতে থাকে। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের আসবাবে আগুন ধরে যায়। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধদের উদ্ধার করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে সরবরাহ ছিল না; হঠাৎ সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে গ্যাস ভেতরে জমে যায়। তিনি জানান, একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।