রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে বাসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদিত বিভ্রান্তিকর ছবি-ভিডিও প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শাহমখদুম থানাধীন আমচত্বরের বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে বাসের সামনের কাচ ভাঙচুর হয় এবং কয়েকটি আসন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
আরএমপির বক্তব্য অনুযায়ী, ঘটনাটিকে কেন্দ্র করে কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত ঘটনার তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হচ্ছে। পুলিশের মতে, এসব বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত কনটেন্ট মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করছে।
পুলিশ সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যম, পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রকৃত ও যাচাইকৃত তথ্য, ছবি ও ভিডিও প্রচারের অনুরোধ জানিয়েছে। বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আরএমপি আরও জানিয়েছে, সাইবার সুরক্ষা আইন-২০২৬ অনুযায়ী অপরাধের উপাদান থাকলে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তথ্য প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাইয়ের ওপরও জোর দিয়েছে পুলিশ।