ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে মোবাইল ফোন ছিনতাইয়ের পর এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়। ঘটনার পরদিন মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকা থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যাত্রীর নাম মোনারুল ইসলাম। তিনি পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাপাড়া গ্রামের নওশেরের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মোনারুল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেসের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশে রওনা হন। ট্রেনটি কালিয়াকৈরের উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মোনারুলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় চারজনকে আটক করে রেলওয়ে পুলিশ। আটক চারজনের মধ্যে একজন নারী। তাঁরা কিশোরগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নেত্রকোনার বাসিন্দা। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তাঁরা ট্রেনে ছিনতাই ও যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান বলেন, ঘটনাটি ঢাকা রেলওয়ে জেলা তদন্ত করছে এবং তাঁরা তদন্তে সহযোগিতা করছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। লালপুর থানার ওসি শফিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা রেলওয়ে জেলা ঘটনাটি তদন্ত করছে।