ঐতিহাসিক ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর এক মাসও বাকি নেই। আগামী ১২ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ ফুরাচ্ছে, কিন্তু নতুন চুক্তি বা বিদ্যমান চুক্তি নবায়নের কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো শুরু হয়নি। পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এবং কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কর্মকর্তারা জানান, চুক্তির ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চিত। আলোচনার জন্য গত এপ্রিলে পানিসম্পদমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করা হয়। জুন থেকে এ পর্যন্ত কয়েক দফা ভারত সরকারকে বিষয়টি জানানো এবং পাল্টা কমিটি গঠনের অনুরোধ করা হলেও দিল্লি সাড়া দেয়নি। কর্মকর্তাদের ভাষ্য, ভারত আনুষ্ঠানিক আলোচনায় রাজি হলেও চূড়ান্ত চুক্তির জন্য ছয় মাস থেকে এক বছর সময় লাগবে। ফলে মেয়াদ শেষের আগে নতুন চুক্তি সই বা নবায়ন এক প্রকার অসম্ভব।
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী সম্প্রতি আশা প্রকাশ করেছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি হবে। এদিকে গত ৩ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চুক্তির শর্ত নিয়ে কাজ করার কাঠামো হিসেবে দুই দেশের যৌথ নদী কমিশন রয়েছে এবং এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।
দিল্লির কূটনৈতিক সূত্র এবং ভারতে দায়িত্ব পালন করা বাংলাদেশের এক সাবেক হাইকমিশনার বলেছেন, ভারত বিষয়টি ঝুলিয়ে রাখতে পারে। তাঁদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরে এ নিয়ে ভারত সরকারের বার্তা পাওয়া যেতে পারে। ভারতের ক্ষমতাসীন জোটের শরিক জনতা দল (ইউনাইটেড) প্রকাশ্যে বিহারের পানির চাহিদা নিশ্চিত করে চুক্তি নিয়ে নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে পানি নিয়ে যেকোনো আলোচনায় বিহারের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হবে। ভারতীয় বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি চুক্তি চাইছে বাংলাদেশ, যা দিল্লির পক্ষে মানা কঠিন।
ফারাক্কা ব্যারাজের কাজ শুরু হয় ১৯৬১ সালে, শেষ হয় ১৯৭৫ সালে। এর ফলে শুষ্ক মৌসুমে গঙ্গার প্রবাহ কমে গিয়ে বাংলাদেশের পদ্মা নদীর ওপর বিরূপ প্রভাব পড়তে শুরু করে। ১৯৭৭ সালে পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি হয়েছিল, যাতে বাংলাদেশের প্রাপ্য পানির ৮০ শতাংশ নিশ্চিত করার গ্যারান্টি ক্লজ ছিল। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি বর্তমান চুক্তি সই হয়।