শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

দরপত্র ছাড়াই ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল ও ৫৩৬ কোটি টাকার টিকা কিনবে সরকার

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তাঁত বোর্ড থেকে কম্বল এবং ইউনিসেফের মাধ্যমে ছয় মাসের পাঁচ ধরনের টিকা কেনার নীতিগত অনুমোদন দিয়েছে।

উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল এবং প্রায় ৫৩৬ কোটি টাকার পাঁচ ধরনের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

কম্বল কেনা হবে তাঁত বোর্ড থেকে

অর্থ মন্ত্রণালয় জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রতিবছর সরকার কম্বল কিনে বিতরণ করে। ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে মোট বরাদ্দ ৫৭ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন পেয়েছে। অবশিষ্ট ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কেনার নতুন প্রস্তাব এবার উপস্থাপন করা হয়।

প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে। এতে আসন্ন শীত মৌসুমে সময়মতো কম্বল বিতরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। তাই বাংলাদেশ তাঁত বোর্ডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ক্রয় বিধিমালা-২০২৫ অনুসরণ করে নির্ধারিত ব্যয়সীমার মধ্যে ক্রয়কার্যক্রম সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে, তাই এসব অঞ্চলের মানুষের মধ্যে দ্রুত কম্বল বিতরণ জরুরি। প্রস্তাবটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ব্যয় হবে সরকারের নিজস্ব অর্থায়নে।

ইউনিসেফের মাধ্যমে কেনা হবে টিকা

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে মাঠপর্যায়ে টিকার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ছয় মাসের টিকা কেনা হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পাঁচ ধরনের টিকা কিনতে ব্যয় হবে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা।

প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রে টিকা সরবরাহে তুলনামূলক বেশি সময় লাগে, খোলাবাজারে প্রয়োজনীয় পরিমাণ টিকা পাওয়া যায় না এবং গুণগত মান বজায় রাখাও কঠিন। কেনা হবে বিসিজি, এমআর, বিওপিভি, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি টিকা। পরিমাণ যথাক্রমে সাত লাখ ৮০ হাজার, ১১ লাখ ৯০ হাজার, সাত লাখ ৫০ হাজার, ৬১ লাখ ২০ হাজার ও ১৫ লাখ ৯০ হাজার ভায়াল। অর্থায়ন হবে সরকারি তহবিল থেকে, বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। নীতিগত অনুমোদনের ফলে ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।