বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে প্রায় ১১ বছর বন্দী শাহজামাল: বাংলাদেশি না মিয়ানমারের নাগরিক, ধোঁয়াশা

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে বাংলাদেশি দাবি করা হলেও কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস বলছে, তাদের তালিকায় এ নামে কারও তথ্য নেই।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি ডিটেনশন ক্যাম্পে প্রায় ১১ বছর ধরে বন্দী রয়েছেন মোহাম্মদ শাহজামাল নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তি। তিনি বাংলাদেশি নাকি মিয়ানমারের নাগরিক, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে বাংলাদেশি দাবি করে পোস্ট দিচ্ছেন। ফেসবুক পোস্টগুলোতে বলা হচ্ছে, তিনি বাংলাদেশি হলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভুল করে তাঁর ঠিকানা ও জাতীয়তা মিয়ানমার হিসেবে নথিভুক্ত করায় দেশে ফিরতে জটিলতা তৈরি হয়েছে। তাঁর শারীরিক গঠন বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকের মতো দেখালেও সঠিক কোনো পাসপোর্ট বা পরিচয়পত্র নেই বলে জানা গেছে।

বিভ্রান্তির কারণ তাঁর দুটি ঠিকানা। একটি নথিতে ঠিকানা হিসেবে কুড়িগ্রামের রৌমারী থানার ‘সুখের বাতি’ গ্রাম উল্লেখ আছে। অন্য একটি নথিতে ‘Mohammad Shajamal’ নামে তাঁর পিতার নাম ‘Md Bachher Ali’ এবং জন্ম তারিখ ১৫ মার্চ ১৯৮৬ লেখা আছে; সেখানে জাতীয়তা মিয়ানমার ও ধর্ম ইসলাম উল্লেখ করা হয়েছে।

নথিতে দেখা যায়, তাঁকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি ডিটেনশন ক্যাম্পে (Depoh Imigresen Langkap) রাখা হয়েছে। তাঁর গায়ের পোশাকে মালয় ভাষায় ‘Tahanan Imigresen’ লেখা, যার অর্থ ‘ইমিগ্রেশন আটক ব্যক্তি’। আটকের বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ১৭ আগস্ট ইমিগ্রেশন আইনের আওতায় তিনি ক্যাম্পে প্রবেশ করেছেন, আর তাঁর ইমিগ্রেশন-সংক্রান্ত ফাইল নম্বর তৈরি হয়েছিল ওই বছরের ১৮ জুন। এটি মালয়েশিয়ার কোনো ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে আটক একজন বিদেশি নাগরিকের সরকারি পরিচয়পত্র বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের কাছে ডিটেনশন ক্যাম্পে আটক বাংলাদেশিদের যে তথ্য রয়েছে, সেই তালিকায় সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া মোহাম্মদ শাহজামালের বিষয়ে কোনো তথ্য নেই; মালয়েশিয়ার ইমিগ্রেশন কোনো তথ্য দেয়নি। আমরা নির্দিষ্ট সময় পরপর ক্যাম্প পরিদর্শন করি। তবে শাহজামালের বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।’

দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ক্যাম্প পরিদর্শনের সময় তিনি বাংলাদেশি কি না বা ‘শাহ জামাল’ নামে কারও সঠিক তথ্য তাঁদের কাছে আসেনি। ফলে তাঁর প্রকৃত পরিচয় যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি অমীমাংসিত থাকছে।