বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল দশম শ্রেণির স্কুলছাত্রীর লাশ, পরিবারের অভিযোগ ধর্ষণ করে হত্যা

মঙ্গলবার স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয় ১৬ বছর বয়সী শিক্ষার্থী; বৃহস্পতিবার বাড়ির পাশে ডোবা থেকে লাশ উদ্ধার, ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রীর লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর বয়স ১৬ বছর। তবে তার পরিবারের দাবি, ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়েছিল সে। এরপর থেকেই তার খোঁজ মিলছিল না। ওই দিনই পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। দুই দিন ধরে পুলিশ ও স্বজনেরা নানা জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

নিহতের বাবা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে এক জোড়া জুতা পাওয়া যায়। সেই জুতার সূত্র ধরে আশপাশে খুঁজতে গিয়ে ধানখেতের পাশের একটি ডোবায় মেয়ের লাশ দেখতে পান তাঁরা। বাড়ি থেকে লাশের স্থানটির দূরত্ব প্রায় ৫০০ গজ। বাবার ভাষ্য, মেয়ের পরনের কাপড় এলোমেলো ছিল। তাঁর অভিযোগ, বখাটেরা ধর্ষণ করে মেয়েকে হত্যা করেছে। পরে তিনি বিষয়টি থানা-পুলিশকে জানান।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।