রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে ৫৫ বছরেও ভূমি অফিস নেই, ১০ কিলোমিটার দূরে ছুটছেন ১৭ গ্রামের মানুষ

নামজারি, ভূমি উন্নয়ন কর ও পর্চার মতো সেবার জন্য নারিকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়; স্থানীয় সংসদ সদস্য মন্ত্রণালয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন।

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে দীর্ঘ ৫৫ বছর ধরে কোনো ইউনিয়ন ভূমি অফিস নেই। ফলে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, পর্চা তোলাসহ জমিজমা-সংক্রান্ত যেকোনো কাজের জন্য ইউনিয়নের মানুষকে ১০ কিলোমিটার দূরের নারিকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে যেতে হচ্ছে। এতে ১৭ গ্রামের বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। ভুক্তভোগীরা রায়পুরে একটি স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর তথ্য অনুযায়ী, ২০১১ সালের আদমশুমারিতে রায়পুর ইউনিয়নের জনসংখ্যা ছিল প্রায় ২২ হাজার। ইউনিয়নে মৌজা ১৫টি এবং আয়তন ৪৬ দশমিক ৬২ বর্গকিলোমিটার। দূরত্ব ও যাতায়াতব্যবস্থার কারণে বিশেষ করে বৃদ্ধ ও নারীদের ভোগান্তি বেশি। এক দিনে কাজ না হওয়ায় বারবার যাতায়াতে বাড়তি টাকা খরচ করতে হয় বলেও অভিযোগ আছে।

জয়নগর গ্রামের বাসিন্দা মাওলানা আবু বকর বলেন, ২০২৫ সালের ডিসেম্বরে একটি কাজে গিয়ে চার মাস পর তাঁর কাজের প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে গেছে; এখনো তাঁর জমির জরিপ করতে কেউ আসেননি। রায়পুর গ্রামের শাহিনুর রহমান শাহিন বলেন, নারিকেলবাড়িয়ায় গেলে একজন মানুষের পুরো দিন কেটে যায়, অনেক সময় ভিড়ের কারণে কাজ না করেই ফিরতে হয়।

রায়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আজিজুল হক বলেন, তাঁর জানামতে প্রতিটি ইউনিয়নে ভূমি অফিস আছে; কেন রায়পুরে নেই, তা তিনি জানেন না। বিষয়টি উপজেলা ভূমি অফিসের ব্যাপার উল্লেখ করে তিনি সেখানে যোগাযোগের কথা বলেন। বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু জানান, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ভূমি অফিস রয়েছে ছয়টিতে; রায়পুরে আলাদা অফিস নেই এবং সেখানে অফিস স্থাপনের কোনো সরকারি পরিকল্পনা আছে কি না, তা তাঁর জানা নেই।

যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, রায়পুর একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল ইউনিয়ন। তিনি বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয়ে কথা বলবেন এবং দ্রুত ভূমি অফিস স্থাপনের জন্য আধা-সরকারি পত্র (ডিও লেটার) দেওয়ার চেষ্টা করবেন।