ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। কর্মকর্তা কর্মস্থলে না থাকায় উপজেলার বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির সদস্য ও সাধারণ সেবাপ্রার্থীরা দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তাঁরা।
মঙ্গলবার সমবায় কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা অনুপস্থিত। কার্যালয়ের সহকারী পরিদর্শক মনা মণ্ডল ও অফিস সহায়ক জয়নাল আবেদিনকে কর্মকর্তার বিষয়ে জিজ্ঞেস করা হলে তাঁরা বলেন, তিনি আসেননি, তবে আসবেন; কখন আসবেন, তা নির্দিষ্ট করে বলতে পারেননি।
স্থানীয় সমবায়ী ও সেবাপ্রার্থী ক্ষুদ্র বাঁশবাড়ী এলাকার নূর ইসলাম, ভান্ডারা এলাকার মোবারক আলীসহ অনেকে অভিযোগ করেন, আহমেদ হোসেন সপ্তাহের অধিকাংশ দিনই কার্যালয়ে থাকেন না। মাঝেমধ্যে এলেও অল্প সময় থেকে আবার চলে যান। কয়েক দিন ঘুরেও তাঁরা তাঁর দেখা পাননি। সেবাপ্রার্থীরা বলেন, দূর-দূরান্ত থেকে ভাড়া খরচ করে এসে তাঁদের শুনতে হয় কর্মকর্তা নেই। তাঁদের অভিযোগ, এ কারণে এলাকায় নতুন সমবায় সমিতি গঠন কম হচ্ছে এবং যেগুলো গঠিত হয়েছে, সেগুলোর বেশির ভাগই কাগজে-কলমে সীমাবদ্ধ।
নিয়মিত অফিসে না থাকার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আহমেদ হোসেন বলেন, ‘আমি রাতোর আছি।’ অফিসে না আসার কারণ জানতে চাইলেও তিনি একই কথা বলেন। জানা গেছে, জেলা শহর ঠাকুরগাঁও থেকে রাণীশংকৈলে আসার পথে রাতোর এলাকা অতিক্রম করতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, তিনি শুনেছেন কর্মকর্তা সদরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন; তবে পর পর দুই দিন কেন অফিসে আসেননি, তা খোঁজ নিয়ে দেখা হবে। জেলা সমবায়ের সহকারী নিবন্ধক ইনামুজ্জামান জানান, আহমেদ হোসেনের মূল কার্যালয় রাণীশংকৈলে। সেখানে পর পর দুই দিন অনুপস্থিত থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।