বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাণীনগরে মাদকবিরোধী অভিযানে পাঁচজন গ্রেপ্তার, অ্যালকোহল ও মদ উদ্ধার

সোমবার রাতে উপজেলার কুজাইল ও জালালাবাদে অভিযান চালিয়ে তিন লিটার অ্যালকোহল ও সাড়ে চার লিটার বাংলা মদ উদ্ধার করে পুলিশ।

নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। অভিযানে তিন লিটার অ্যালকোহল ও সাড়ে চার লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কুজাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাশিমপুরের চারাপাড়া গ্রামের রাসেল সরদার (১৯) ও বাহাদুরপুর গ্রামের সবুজ সরদারসহ (২৪) মোট চারজনকে গ্রেপ্তার করা হয়; তাঁদের কাছ থেকে তিন লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।

একই রাতে উপজেলার জালালাবাদ গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুর রহমান প্রামাণিককে (৬৩) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি তল্লাশি করে সাড়ে চার লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।