শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধ করে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট; বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করতেও বলা হয়েছে।

দেশের অবৈধ সব ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

আবেদনকারীপক্ষ জানায়, সারা দেশে লাইসেন্সহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করা হয়। শুনানি নিয়ে ওই বছরের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পরে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং গত বছরের ২৫ ফেব্রুয়ারির আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

আবেদনকারীপক্ষ আরও জানায়, অবৈধ ইটভাটার কার্যক্রম নতুন করে শুরুর চেষ্টা চলছে—এমন তথ্য পেয়ে গত সপ্তাহে একটি সম্পূরক আবেদন করা হয়। তাতে নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন আদালতে দাখিলের প্রার্থনা জানানো হয়।

আবেদনকারীপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ এবং ইটভাটার মালিকদের পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী।

মনজিল মোরসেদ বলেন, আদালত আবেদন মঞ্জুর করেছেন। আগের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়ে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের যেন হয়রানি করা না হয়, সে নির্দেশও দিয়েছেন আদালত।