বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে পিবিআইয়ের সদস্যরা নিয়ে গেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত তিনি জানেন না। পুলিশের একটি সূত্র জানায়, মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে তাঁকে নেওয়া হয়। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
তাহসিফ নিখোঁজ হওয়ার আগের একটি সিসিটিভি ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেছেন। ফুটেজ অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাঁদের দেখা হয়। হাত মেলানোর পর দুজন আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।
পরিবারের ভাষ্য অনুযায়ী, দীপের ডাকে সাড়া দিয়েই তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। পরে দীপ জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা থাকায় তাঁরা একটি ওয়ার্কশপে যান। মোটরসাইকেল মেরামতের পর তাঁরা বাসায় ফিরে খাবার খান এবং এরপর দীপ চলে যান। তবে তাহসিফের নিখোঁজ হওয়া ও পরে লাশ উদ্ধারের ঘটনায় দীপের ভূমিকা কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে।
২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে একটি লাশ ভাসতে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে লাশটি তাহসিফের বলে শনাক্ত করা হয়। এর আগে সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন না থাকার কথা বলা হয়েছিল।
বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেল ৪টা ৩৫ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুর কারণ নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে হত্যার আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং এতে কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা।