বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে, বিশেষ করে তারল্যসংকটে থাকা বেসরকারি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্থায়ী আমানত (এফডিআর) রাখা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটি। মেয়াদ শেষ হওয়ার পরও আমানতের অর্থ তুলে না নেওয়া এবং নীতিমালার বাইরে অতিরিক্ত অর্থ বিনিয়োগের বিষয়ে ক্ষোভ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে ভবিষ্যতে বন্দর কর্তৃপক্ষের সব অর্থ সরকারি ব্যাংকে জমা রাখার সুপারিশ করা হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বৈঠকে সদস্য হিসেবে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক ও মুস্তাফিজুর রহমান ভূঁইয়া অংশ নেন।
এর আগে ১২ অক্টোবরের বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়েছিল, তারল্যসংকটে থাকা ছয়টি ব্যাংকে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি স্থায়ী আমানত রাখা হয়েছে। ব্যাংকগুলো হলো পদ্মা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ ও ইউনিয়ন ব্যাংক। এসব আমানতের অর্থ ফেরত পাওয়া ঝুঁকিতে রয়েছে এবং বর্তমানে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য ক্ষতির বিপরীতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো হিসাবভিত্তিক সংস্থানও রাখেনি বন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববারের বৈঠকে বলা হয়, তৎকালীন নিয়ম অনুযায়ী মোট আমানতের ৭৫ শতাংশ সরকারি ব্যাংকে এবং ২৫ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার কথা ছিল। বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে শর্ত ছিল, ব্যাংকটির বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে এবং সুনাম থাকতে হবে। নিরীক্ষা আপত্তিতে বলা হয়েছে, এসব নিয়ম অনুসরণ করা হয়নি।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২০-২১ অর্থবছরের এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট প্রতিবেদন আলোচনা হয়। বিগত সরকারের আমলের আর্থিক অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। বর্তমান সরকারের আমলেও কোনো দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্কবার্তা দেওয়া হয়।
এ ছাড়া আমদানি-রপ্তানিতে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার, ই-বিলিং ও ই-পেমেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয় শুল্ক পরিশোধ চালু এবং বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহনের সমস্যা আগামী ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে। খালি কনটেইনারের নামে মালভর্তি কনটেইনার বের করে নেওয়া এবং কনটেইনার চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতেও বলেছে কমিটি।