বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাণীনগরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে বের করা নিয়ে সংঘর্ষ, গ্রামপুলিশসহ আহত ছয়

প্রবাস থেকে ফেরা যুবক ও চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ; দুই পক্ষই একে অপরকে দায়ী করছে, পুলিশ তদন্তের কথা বলছে।

নওগাঁর রাণীনগরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক গ্রামপুলিশ সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রাতোয়াল গ্রামের রাখালগাছীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গ্রামপুলিশ সদস্য রিপন হোসেন (২৬) কালীগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত। তিনি জানান, তাঁর চাচাতো ভাই রনি ইসলাম সৌদি আরবে থাকা অবস্থায় প্রায় চার মাস আগে স্ত্রীকে তালাক দেন। স্ত্রীর নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণের বিষয় নিষ্পত্তি না হওয়ায় তিনি বাড়ি ছেড়ে যাননি। রিপনের দাবি, সোমবার রাতে দেশে ফিরে রনি তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি ছাড়তে বলেন। মঙ্গলবার সকালে এ নিয়ে বিরোধ হলে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে তাঁর মাকে মারধর করা হয়। পরে তাঁর বাবা এবং খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া রিপনকেও মারধর করা হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে রনি ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক সমস্যার কারণে তিনি চার মাস আগে সৌদি আরব থেকেই স্ত্রীকে তালাক দেন। তাঁর দাবি, রিপন ও তাঁর পরিবারের সহযোগিতায় তালাকপ্রাপ্ত স্ত্রী বাড়িতে ছিলেন। সকালে তাঁকে চলে যেতে বললে রিপন ও তাঁর পরিবারের সদস্যরা হামলা চালান। এতে তিনি, তাঁর মা ও ভাই আহত হয়েছেন। রনির ভাষ্য অনুযায়ী, তাঁর মাথায় একাধিক সেলাই এবং মায়ের মাথায় ২১টি সেলাই দিতে হয়েছে। তিনিও আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, রিপন হোসেনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।