সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি, ওএসডি করে পাঠানো হলো ঢাকার বাইরের কলেজে

পাঠ্যবইয়ে ছবি ব্যবহার নিয়ে আলোচনার মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ‘জনস্বার্থে’ বদলির আদেশ; কারণ জানায়নি মন্ত্রণালয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয়জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের সবাইকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরের বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে কেবল বলা হয়েছে, ‘জনস্বার্থে’ এ আদেশ জারি করা হয়েছে; হঠাৎ কেন বদলি করা হলো, সে বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি। তবে আগামী শিক্ষাবর্ষের বিভিন্ন পাঠ্যবইয়ে ছবির ব্যবহার নিয়ে আলোচনার মধ্যেই কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হলো। এর আগে রোববার আরেক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ কামরুল হক ভূঞা ও রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং মো. আবু হানিফকে রংপুরের সরকারি টিচার্স কলেজে সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ হুমায়ুন কবীর, মো. মনির হোসেন মজুমদার ও আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে পাঠানো হয়েছে। মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ আছে, তাঁরা এর মধ্যে না ছাড়লে ২৯ অক্টোবর তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।