বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক কর্তৃক মহিষবাথান মসজিদ, ঈদগাহ ও মাদ্রাসা পরিদর্শন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি মসজিদের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয়তার কথা শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এরপর প্রশাসক লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি ঈদগাহ মাঠের সার্বিক অবস্থা ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে মোঃ মাহফুজুর রহমান রিটন লক্ষ্মীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে মাদ্রাসার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করা হয়। এই পরিদর্শনকালে মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইমরান হোসেন, পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শওকত আলী এবং লক্ষ্মীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমানসহ অন্যান্য প্রকৌশলী এবং রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।