বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিজ বাড়ির একটি ঘর থেকে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তাঁদের দুই মেয়ে বিবাহিত। টুলু মিয়া বাড়িতে একাই থাকতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
স্বজনেরা জানান, বেশ কিছুদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন টুলু মিয়া, এতে তিনি মানসিকভাবেও বিপর্যস্ত ছিলেন। ছোট মেয়ের দাবি, অসুস্থতাজনিত মানসিক অবসাদ থেকে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি বটি উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানান ওসি।