বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ, প্রধান অতিথি রাসিক প্রশাসক রিটন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীতে পৃথক কর্মসূচি পালন করেছে দুই সংগঠন।

রাজশাহীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল ও মহিলা দল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নগরীতে পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।

মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘি মোড় ও সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এর আগে বাটার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ যুবদলের নেতারা এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দাবিতে মহানগর মহিলা দলের উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাহফুজুর রহমান রিটন। সেখানে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, সিনিয়র সহসভাপতি লাকি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।