বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

শাশুড়িকে অসম্মান করায় বাবাকে চড়: ক্ষুব্ধ ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু রংপুরে

রংপুরের পীরগাছায় ২৫ সেপ্টেম্বর রাতে পারিবারিক বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।

রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পীরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নিহত মাহাবুর হোসেনের ছেলে হাসানুর রহমান (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছে এবং তাকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। জানা গেছে, হাসানুর রহমান তিন মাস আগে বিয়ে করেন। কিন্তু কোনো কাজকর্ম না করায় কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ কারণে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের সম্পর্কে টানাপোড়েন চলছিল। ঘটনার দিন সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন। তবে জামাই হাসানুর তাদের ঘরে বসতে কিংবা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। এই বিষয় নিয়ে পারিবারিক বাগবিতণ্ডা শুরু হলে বাবা মহুবার রহমান ছেলেকে শাশুড়িকে সম্মান জানাতে এবং তাদের সঙ্গে নিয়ে ভাত খেতে নির্দেশ দেন। হাসানুর বাবার নির্দেশ অমান্য করলে মহুবার রহমান ক্ষুব্ধ হয়ে তাকে একটি চড় মারেন। শাশুড়ির সামনে বাবার হাতে চড় খাওয়ার ঘটনা মেনে নিতে না পেরে হাসানুর ঘরে থাকা একটি ধারালো চাকু এনে বাবার বুকে বসিয়ে দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত মহুবারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।