সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তিন দিনের বৃষ্টিতে কাদাপানিতে দুর্ভোগ, বিপর্যস্ত দুবলার চরের রাস উৎসব

সুন্দরবনের ঐতিহ্যবাহী রাস পূজা ও পুণ্যস্নানের মাঠে পানি জমায় ভোগান্তিতে পড়েছেন পুণ্যার্থী, দর্শনার্থী ও মেলার ব্যবসায়ীরা।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূজা ও পুণ্যস্নান আয়োজনের মাঠ বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঠজুড়ে পানি ও কাদা জমে পুণ্যার্থী, দর্শনার্থী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুবলার চরে রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উৎসবকে ঘিরে গ্রামীণ মেলা বসে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী আসেন।

এবার বৈরী আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিতে উৎসবস্থলে নানা সমস্যা দেখা দিয়েছে। মাঠের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে কাদা হওয়ায় পুণ্যার্থী ও দর্শনার্থীদের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে। মেলায় দোকান খুলে পণ্য বিক্রি করতে গিয়েও সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা।

পুণ্যার্থী ও দর্শনার্থী পুষ্পজিত মণ্ডল বলেন, ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের টানে তাঁরা দূরদূরান্ত থেকে দুবলার চরে এসেছেন। কিন্তু বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ হওয়ায় স্বাভাবিকভাবে চলাচল ও পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে অসুবিধা হচ্ছে। তিনি দ্রুত মাঠের পানি নিষ্কাশন করে চলাচলের উপযোগী পরিবেশ তৈরির দাবি জানান।