শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জ থেকে রংপুরে এসে ৪২ বরযাত্রীর বিপাকে: বিয়ের সাজে চার ভরি সোনা নিয়ে উধাও কনে, থানায় মামলা

বিয়ের আগেই স্বর্ণালংকার নিয়ে সটকে পড়েন কনে ও তাঁর কথিত স্বজনেরা; বর মামলা করেছেন, পুলিশ বলছে তদন্ত অনেক দূর এগিয়েছে।

বাসভর্তি ৪২ বরযাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে এসে প্রতারণার শিকার হয়েছেন এক প্রবাসী যুবক। বিয়ের আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে, সঙ্গে সটকে পড়েন কনেপক্ষের পরিচয় দেওয়া অন্যরাও। শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরতে হচ্ছে বরপক্ষকে।

গত বুধবার বিকেলে রংপুর নগরের কামাল কাছনার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে প্রতারণা ও চুরির অভিযোগে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তাঁর স্বামী সুভাষ আহমেদ (৩৫) ও কনে হিসেবে পরিচিত এক তরুণীকে (১৯) আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত অনেক দূর এগিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

মামলার এজাহার ও বরপক্ষের বক্তব্য অনুযায়ী, ফয়ছল ব্রুনেইপ্রবাসী। বিয়ে করার জন্য পাঁচ মাস আগে দেশে আসেন তিনি। তাঁর বাড়ি হবিগঞ্জ সদরের মাছুলিয়া গ্রামে। বিয়ের পর আবার বিদেশে ফেরার কথা ছিল। তাঁর ছোট বোন চট্টগ্রামে যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন, সেখানেই প্রায় দুই বছর থাকতেন সুমি ও তাঁর স্বামী। পরে তাঁরা ঢাকায় চলে যান, তবে মুঠোফোনে যোগাযোগ ছিল। ফয়ছলের বিয়ের কথা জানার পর সুমি নিজের কথিত ছোট বোনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। ভিডিও কলে কথা বলে কনেকে পছন্দ হলে বুধবারের দিন ঠিক হয়।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের আগে বরের পক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেওয়া হয়। কনের বোন পরিচয় দেওয়া তিন নারী মান যাচাইয়ে আগ্রহ দেখালে সবাই মিলে একটি জুয়েলারি দোকানে যান। পরে কনেকে সাজানোর জন্য নেওয়া হয় একটি বিউটি পারলারে। সেখানে বর দুই বোনকে রেখে বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বাকি কেনাকাটায় গেলে কনেকে অলংকার পরিয়ে সাজানো হয় এবং একটি রিকশায় তোলা হয়। এরপর আর তাঁদের খোঁজ পাওয়া যায়নি।

কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, কনেপক্ষ পরিচয় দিয়ে তিনজন এসে ১০–১২ জনের জন্য ভাড়া চান। ভাড়া ৪২ হাজার টাকা ও দুপুরের খাবারের জন্য প্রায় ৪০ হাজার টাকা ঠিক হয়। কিন্তু ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে তাঁরা সরে পড়েন, কোনো টাকা পরিশোধ করেননি। খাওয়াদাওয়াও হয়নি।

মামলার পর ফয়ছলের পরিবার বলছে, বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হবেন, তা তাঁরা ভাবেননি। অভিযুক্তরা কেউ এখনো গ্রেপ্তার হননি; তাঁদের বক্তব্যও পাওয়া যায়নি।