সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর স্ত্রী নাছিমা খাতুনকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী শওকত আলী (৩৩) ও তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে একই উপজেলার মাধবকাটি গ্রামের শওকত আলীর বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান হয়। অভিযোগ অনুযায়ী, শওকত আলী দুই লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতন করতেন। নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিলেও নির্যাতন থামেনি। পরে শওকত দ্বিতীয় বিয়ে করেন এবং প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ বন্ধ করে দেন।
এ নিয়ে নাছিমা সাতক্ষীরা পৌরসভায় অভিযোগ করলে ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। এর আগের দিন, ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, দ্বিতীয় স্ত্রী, তাঁর ভাই শফিকুল ও মা ইটাগাছার ভাড়া বাড়িতে যান। অভিযোগ অনুযায়ী, সেখানে নাছিমাকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন; পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে তিনি একজন বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন।
তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও তাঁর মা ছবিরন খাতুনকে (৫৫) খালাস দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত; দণ্ডিতরা রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর কামরুজ্জামান ভুট্টো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।