রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের খোঁজ নিতে শনিবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাত ৯টা ১০ মিনিটে ইনস্টিটিউটে পৌঁছে তিনি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসিরউদ্দিনের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনেন এবং আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন।

পরিচালক জানান, বর্তমানে ৪ জন রোগী আশঙ্কাজনক (ক্রিটিক্যাল), ৯ জন গুরুতর (সিভিয়ার) এবং ২৩ জন মাঝারি মাত্রায় আহত (ইন্টারমিডিয়েট)। এসব রোগীর চিকিৎসা আন্তর্জাতিক প্রটোকল অনুসারে মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের পরামর্শক্রমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টা রোগীদের চিকিৎসায় কোনো ঘাটতি রয়েছে কি না জানতে চাইলে, পরিচালক জানান—সরকার প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করছে, আর যে কটি অতিরিক্ত যন্ত্রপাতি দরকার ছিল, সেগুলো সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরা সঙ্গে করে এনেছেন।

বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, প্রথমে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও পরে প্রায় সব দগ্ধ রোগীকে বার্ন ইনস্টিটিউট ও সিএমএইচে স্থানান্তর করা হয়। রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট সবাই প্রস্তুত ছিলেন।

রোগী স্থানান্তরের সময় অ্যাম্বুলেন্স সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ দুর্ঘটনা দেশের জরুরি চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা প্রকাশ করেছে।

প্রধান উপদেষ্টা অবিলম্বে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন ও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি নিহতদের পরিবার এবং আহতদের ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিং কার্যক্রম চালুর ওপর জোর দেন। একইসঙ্গে, আহতদের স্বজনদের প্রতি সহানুভূতিশীল আচরণের জন্য নির্দেশ দেন।

এই সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।