বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

গাজার অসুস্থ শিশুদের চিকিৎসায় এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, সংগৃহীত অর্থ ‘চিলড্রেন নট নাম্বার্স’-এর মাধ্যমে শিশুদের চিকিৎসায় ব্যয় হবে।

গাজার যুদ্ধাহত ও অসুস্থ শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থসহায়তার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মানবিক উদ্যোগের কথা জানান।

হামজার পোস্ট অনুযায়ী, এক লাখ পাউন্ডের বেশি সংগৃহীত এই তহবিল গাজার অবরুদ্ধ ও গুরুতর অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসায় ব্যয় করা হবে। জটিল সমস্যায় আক্রান্ত শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে জরুরি চিকিৎসা নিশ্চিত করতেই এই অর্থ ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন।

সংগ্রহ করা পুরো তহবিল পাঠানো হবে ফিলিস্তিনের শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ‘চিলড্রেন নট নাম্বার্স’-এর কাছে। সংস্থাটির সরাসরি তত্ত্বাবধানেই অসুস্থ শিশুদের স্থানান্তর ও চিকিৎসার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হবে বলে হামজা জানান।

এই উদ্যোগে যাঁরা আর্থিকভাবে ও নানা আয়োজনের মাধ্যমে সহায়তা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। শুরু থেকে পাশে থাকার জন্য ‘নুজুম স্পোর্টস’ নামের প্রতিষ্ঠানকেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।

হামজা মনে করেন, গাজার মানুষের সীমাহীন দুর্ভোগের তুলনায় এই সহায়তা অত্যন্ত অপ্রতুল। তবে তাঁর দৃঢ় বিশ্বাস, ছোট ছোট ইতিবাচক পদক্ষেপও সাধারণ মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। পোস্টের শেষে তিনি ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য বিশেষ দোয়া করেছেন এবং চলমান কষ্ট লাঘবের পাশাপাশি অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও শক্তি কামনা করেছেন।