মর্টগেজ রাখা সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অভিযোগকারীর বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখানো হয়েছে। অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে। জানা গেছে, গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয় এবং ২৭ সেপ্টেম্বর কমিশন অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করে। একই ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন।
এদিকে দুদকের অনুসন্ধানের খবর পাওয়ার পর মাসরুর আরেফিন দেশ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিদেশ সফরকে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমের অংশ বলে দাবি করেছে। সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানান, মাসরুর আরেফিন ২২ নভেম্বর কায়রো যাচ্ছেন এবং ৩০ নভেম্বর দেশে ফিরবেন। তাঁর ভাষ্য, এটি অফিসিয়াল সফর, প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি বিদেশ যাচ্ছেন এবং বিষয়টি দুদককেও জানানো হয়েছে।
অন্যদিকে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দুদক তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারে। তবে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ইতোমধ্যে জারি হয়েছে কি না, তা দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। অনুসন্ধানের অংশ হিসেবে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা সম্পদ ক্রোক করা হলে সংশ্লিষ্ট শাখাকে লিখিতভাবে জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া সিটি ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজারসংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করছেন দুদকের অপর একজন কর্মকর্তা। মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারি থেকে ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সম্প্রতি তাঁকে আরও তিন বছরের জন্য একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।