বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ধানমন্ডিতে গাড়ির জানালা দিয়ে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই

যানজটে আটকে থাকা গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোন নিয়ে পালিয়েছে এক তরুণ; পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার কথা তিনি নিজেই ফেসবুকে জানান। পোস্টে তিনি লেখেন, তাঁর গাড়ির জানালা খোলা ছিল এবং এক সেকেন্ডের মধ্যে একটি ছেলে মোবাইল ফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

পরে ঘটনার বিবরণ দিতে গিয়ে আসিফ নজরুল বলেন, তিনি তখন ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। সড়কে প্রচণ্ড যানজট ছিল। গরমের কারণে তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে রেখেছিলেন এবং ভেতরে বসে ফোনে খুদে বার্তা দেখছিলেন। গাড়ি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে ঘটনাটি ঘটে।

আসিফ নজরুল বলেন, “আমার অসতর্কতার কারণেই এমনটা হয়েছে।” ঘটনার পর তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। তাঁর ভাষ্য, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং তাঁর বিশ্বাস, ফোনটি উদ্ধার করা যাবে।

ফেসবুক পোস্টে তিনি পরিচিতজনদের উদ্দেশে সতর্কবার্তাও দেন। তাঁর ফোন নম্বর থেকে বা অন্য কোনোভাবে কেউ বার্তা পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে কিংবা সন্দেহজনক কিছু লিখলে তা যেন এড়িয়ে যাওয়া হয়, এমন অনুরোধ জানান তিনি।

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য সংশ্লিষ্ট সূত্রে এখনো জানা যায়নি।