চুয়াডাঙ্গা সদর উপজেলায় টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয় লোকজন তাঁকে বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি ঘরের জানালা ভেঙে পালিয়ে যান।
গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নারী ওই গ্রামের মো. কাদির হোসেনের স্ত্রী; তাঁর বাবার বাড়ি বরিশালে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী নিজের টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন, যাতে প্রধানমন্ত্রীর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লোকজন তাঁকে ঘরে আটকে রেখে পুলিশকে জানান। পরে পুলিশ ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
ওই নারীর স্বামী কাদির হোসেন বলেন, স্ত্রী এমন ভিডিও তৈরি করেছেন বলে তিনি জানতে পেরেছেন; তবে প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য করা তাঁর মোটেও উচিত হয়নি।
সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল রহমান বলেন, টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ তাঁরা পেয়েছেন। স্থানীয় বাসিন্দারা ওই নারীকে ঘরে আটকে রেখে খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি জানালা ভেঙে পালিয়ে যান।