নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নির্ধারণে বিশেষ নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে প্রাপ্ত মূল বেতনের সমপরিমাণ অর্থই তিনি ভাতা হিসেবে পাবেন।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা অর্থ বিভাগের স্মারক অনুযায়ী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার মাসে একজন সরকারি কর্মচারী যে পরিমাণ মূল বেতন পাবেন, তাঁর বিনোদন ভাতাও হবে সেই পরিমাণ। নতুন বেতনকাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়নের সময়ও একই নিয়ম অনুসরণ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভাতা নির্ধারণের ক্ষেত্রে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। অর্থাৎ ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই ভাতার পরিমাণ ঠিক হবে। কোনো কর্মচারী একবার এই ভাতা গ্রহণ করার পর পে-ফিক্সেশনের কারণে তাঁর বেতন পুনর্নির্ধারিত হলে এ খাতে অতিরিক্ত বা বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকবে না।
অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নতুন বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রেক্ষাপটে এটি দেওয়া হয়েছে।