বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

পুঠিয়ায় ১৫ কোটি ৮১ লাখ টাকায় তাহেরপুর–নলডাঙ্গা সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর, দুই দশকের দুর্ভোগে স্বস্তি

প্রায় ৮ কিলোমিটার সড়কটি সংস্কার ও প্রশস্ত করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় তাহেরপুর জিসি (স্লুইসগেট) থেকে নলডাঙ্গা জিসি পর্যন্ত দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪২৮ টাকা ব্যয়ে ৭ দশমিক ৯৫৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তাহেরপুর ব্রিজসংলগ্ন মোড়ে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা বিএনপির নেতা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই দশকেরও বেশি সময় ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে তাহেরপুর, সাধনপুর, নলডাঙ্গাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়কে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। এতে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতে নানা সমস্যা হতো। স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘২০ বছর পর হলেও আমাদের কষ্টের কথা কেউ শুনেছেন। সড়কটি নির্মাণ হলে ছেলেমেয়েদের স্কুলে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়া অনেক সহজ হবে।’

সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল বলেন, নির্বাচনের আগে তিনি এলাকাবাসীর কাছে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই কাজের সূচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হবে, যাতায়াতের সময় ও দুর্ভোগ কমবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।