২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় এ পর্যন্ত ২৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন আরও ৩৩ জন। একজন আসামি খালাস পেয়েছেন।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলা এখন পর্যন্ত ৭০টি। এর মধ্যে ২৬টি মামলা বিচারাধীন এবং ৪৪টি মিস কেস হিসেবে রয়েছে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব অপরাধের মামলায় গ্রেপ্তার আসামি ২০৩ জন এবং পলাতক ৩৫২ জন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের বিচারের প্রতিশ্রুতি নিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছিল। ইতোমধ্যে দুটি ট্রাইব্যুনাল সাতটি আলোচিত মামলার রায় দিয়েছেন। অবশিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো দোষী ব্যক্তি যেন ছাড় না পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শহীদদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও ছিল।
পরবর্তী রায়গুলোর মধ্যে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় ২০২৬ সালের ২৬ জানুয়ারি সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়; একই মামলায় আরও পাঁচ পুলিশ সদস্য বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পান। আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ আরেকজনকে হত্যার ঘটনায় ৫ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৯ এপ্রিল সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের গুম-খুনসহ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান আছে।