পটুয়াখালীর বাউফলে নিখোঁজের আট দিন পর বৃদ্ধ জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদারের (৬৫) খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল বাশার হোসেন (৪০) ও সাহিদা বেগম (৪৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বাউফল থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী মজুমদার এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার সাহিদা বেগম উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের মরহুম শাহজাহানের স্ত্রী এবং আবুল বাশার হোসেন একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ঘটনায় জড়িত আরেক আসামি মোশারফ শিকদারের ছেলে মো. সোহেলকে (৩৬) গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এএসপি জানান, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা নিহতের লাশ টুকরা টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। গত ১২ নভেম্বর কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের একটি ধানখেতে মানুষের শরীরের খণ্ডিত অংশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তা উদ্ধার করে। পরে ধানখেত, অনাবাদি জমি ও ডোবায় দফায় দফায় তল্লাশি চালিয়ে লাশের অন্যান্য অংশ উদ্ধার করা হয়।
সর্বশেষ শনিবার দুপুরে পোনাহুড়া এলাকার একটি ডোবা থেকে মাথা এবং বুক থেকে কোমর পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন। পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।