মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করতে মেডিক্যাল সেন্টারগুলোকে ১১টি নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই পরীক্ষা পরিচালনার জন্য ইতিমধ্যে মালয়েশিয়া থেকে ৫১টি মেডিক্যাল সেন্টার অনুমোদন পেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের পাঠানো ডিমান্ড লেটারে উল্লেখ থাকা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে। ডিমান্ড লেটারের সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ ইস্যু করা যাবে; কোনো অবস্থাতেই এর বাইরে নয়। প্রতিটি সেন্টারকে প্রতিদিনের পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে এবং কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত ফি ৮ হাজার টাকা; এর বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না। মালয়েশীয় সফটওয়্যার ‘মাইগ্রাম’-এর নামেও আলাদা টাকা নেওয়া নিষিদ্ধ। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার পরীক্ষা করানো যাবে না। ভুয়া বা জাল মেডিক্যাল প্রতিবেদন তৈরি, প্রদান বা ব্যবহারও কোনোভাবে করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশে ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষায় আনফিট ঘোষিত হলে তাঁকে দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সব খরচ মেডিক্যাল সেন্টারকে বহন করতে হবে। প্রতিটি সেন্টারে আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা থাকতে হবে; পরীক্ষা হতে হবে আন্তর্জাতিক মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে এবং পর্যাপ্তসংখ্যক বসার ব্যবস্থা রাখতে হবে।
শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। বিষয়গুলো কঠোরভাবে তদারকি করতে একটি শক্তিশালী মনিটরিং টিম গঠনের কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।