নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। চার দিন ধরে ঢাকার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।
মামুনুর রশীদের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ। আজ বুধবার দুপুরে হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন তিনি। অনিমেষ আইচ বলেন, মামুনুর রশীদের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং কথাবার্তা স্বাভাবিক। তবে শরীরে অক্সিজেন স্যাচুরেশন ওঠানামা করছে। চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন বলেও জানান তিনি।
জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে খুলনায় একটি উৎসবে অংশ নিতে গিয়েছিলেন মামুনুর রশীদ। সেখান থেকে ফেরার পরদিনই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় থাকার পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি।
১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্ম নেওয়া মামুনুর রশীদ মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’ প্রতিষ্ঠা করেন। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।