রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত শেফালী বেগম উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাঁর বাবার নাম কোঁকড়া। পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে খাবার খেয়ে শেফালী নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তাঁর ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়।
ঘর থেকে বের হয়ে নবাব আলী দেখতে পান, তাঁর মা ঘরে নেই। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পানের বরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, তদন্ত শেষে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি; হত্যার কারণ সম্পর্কেও পুলিশ কিছু জানায়নি।