মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন ইলিয়াস আহমেদ। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় রাখা হয়। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রায় নয় বছরের আইনি লড়াই শেষে এ বছর আদালতে সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি। গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তাঁর অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু এখনো রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা বা পুনর্বাসন মেলেনি।
নথিপত্র ও ইলিয়াসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে তাঁর জন্ম। একটি পোশাক কারখানার মানবসম্পদ বিভাগে চাকরির সুবাদে তিনি তখন গাজীপুরে থাকতেন। ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলা বাজার থেকে তাঁকে তুলে নেওয়া হয়। ৮৮ দিন নিখোঁজ থাকার পর ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এরপর আইনি লড়াই চলতে থাকে। অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত তাঁকে সব অভিযোগ থেকে খালাস দেন। অন্যদিকে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে তাঁর অভিযোগ যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে; তালিকায় তাঁর ক্রমিক নম্বর ৩৯১।
ইলিয়াসের দাবি, গুম ও কারাবাসের কারণে তাঁর শিক্ষাজীবন ও কর্মজীবনের স্বপ্ন নষ্ট হয়েছে। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে পরিবারও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইলিয়াস আহমেদ বলেন, ‘আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছে, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাইনি।’ তাঁর দাবি, স্বাভাবিক জীবনে ফিরতে শুধু আইনি মুক্তি নয়, যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনও প্রয়োজন।