বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

শহীদদের স্মারক নিয়ে শুক্রবার শুরু জুলাই স্মৃতি জাদুঘরে দুই দিনের উন্মুক্ত প্রদর্শনী

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ শীর্ষক প্রদর্শনী ২৮ ও ২৯ নভেম্বর খোলা থাকবে।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মারক নিয়ে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রাঙ্গণে হতে যাওয়া এই আয়োজনটি দেশে শহীদদের স্মারকের সবচেয়ে বড় উন্মুক্ত প্রদর্শনী হবে বলে জানানো হয়েছে।

বুধবার বিকেলে জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ শীর্ষক এই প্রদর্শনী শুক্রবার বেলা সাড়ে ১১টায় উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তত ৪০ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। প্রদর্শনী ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

মহাপরিচালক জানান, সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৫৬। তবে বিভিন্ন গণমাধ্যম ও অন্যান্য সূত্রের হিসাবে এ সংখ্যা দেড় হাজারের বেশি। জাদুঘর কর্তৃপক্ষ এ পর্যন্ত গেজেটভুক্ত শহীদদের মধ্যে ৫৯০ জনের দুই হাজারের বেশি স্মারক নিদর্শন সংগ্রহ করেছে। এর মধ্যে জাদুঘরের গ্যালারিতে ২০৫ জন শহীদের ৫৫০টি নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বাকি গেজেটভুক্ত শহীদদের স্মারক সংগ্রহের চেষ্টা চলছে।

এহসান মাহমুদ বলেন, জাদুঘরে স্থান কম হওয়ায় সংগৃহীত অনেক নিদর্শন সংরক্ষিত অবস্থায় রাখতে হয়েছে। যেসব শহীদ পরিবার প্রিয়জনের নিদর্শন জাদুঘরে দান করেছিল, তাঁদের অনেকের স্মারক গ্যালারিতে রাখা যাচ্ছে না, ফলে অনেকে মনোবেদনা বোধ করেছেন। তাই এবার বড় পরিসরে সংগৃহীত নিদর্শন নিয়ে দুই দিনের উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের অভ্যুত্থান ছিল না; এর সঙ্গে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিবর্তনের আকাঙ্ক্ষাও জড়িত ছিল। সে কারণে জাদুঘর সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তির চর্চাকেন্দ্র হিসেবেও কাজ করবে। ইতিমধ্যে আর্ট ক্যাম্প ও ধারাবাহিক সেমিনার হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং তাঁদের আত্মদান জনসাধারণের স্মৃতিতে আরও উজ্জ্বল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।