পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকটিতে আপাতত কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না। মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম ও গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দেওয়া হয়। এর ফলে পদ্মা ব্যাংককে একীভূত করা, পুনর্গঠন বা অন্য কোনো উপযুক্ত পদ্ধতির মাধ্যমে সমাধানের পথ খুলল।
বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, গত এক দশকের বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধনঘাটতি, তারল্যঘাটতি ও সুশাসনের ঘাটতির কারণে পুঞ্জীভূত আর্থিক দুর্বলতায় পদ্মা ব্যাংক গভীর চ্যালেঞ্জের মুখে পড়ে। ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা ও কার্যকর হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করেই আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬’-এর বিধান অনুযায়ী রেজোল্যুশনের আওতায় বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর ও উপযুক্ত কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করবে। কেন্দ্রীয় ব্যাংক আশা প্রকাশ করেছে, এ সংস্কারমূলক পদক্ষেপ ব্যাংকটির সংকট উত্তরণের পাশাপাশি দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাবে।
উল্লেখ্য, ২০১২ সালে সাবেক ফারমার্স ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে।