নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।
শোভাযাত্রায় থাকা বিএনপির নেতা-কর্মীরা জানান, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সন্ধ্যার দিকে সেটি বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। এতে পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও সোহেল রানা গুরুতর আহত হন। তাঁদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে সোহেল রানা ও শাহিনুর ইসলামের মৃত্যু হয়।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মোটরশোভাযাত্রার পেছনে আকস্মিক হামলা করা হয়। এ সময় দলছুট দুজনকে পেয়ে হামলাকারীরা মাত্রাতিরিক্ত মারধর করে; পরে তাঁরা মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাঁরা ধর্মঘট ডাকছেন এবং তাঁদের সমর্থকেরা ঘটনার জন্য দায়ী।