বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত, পক্ষে ১২৮ ভোট

মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওআইসি ও ইইউর আনা প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং জবাবদিহির আহ্বান জানানো হয়েছে।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ, বিপক্ষে ছয়টি। ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে।

২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবে। এর পাশাপাশি রোহিঙ্গাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের একটি সাধারণ বিরোধিতা রয়েছে; তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত। একই সঙ্গে এক দশকের বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাব গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পার হলেও প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। দীর্ঘদিনের এই বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান তিনি।

প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, ‘রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই মিয়ানমারেই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে।’