রাজশাহীর পুঠিয়া উপজেলায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিয়নভিত্তিক অস্থায়ী নারী কর্মী (এলসিএস) নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পুঠিয়া কার্যালয়ের উদ্যোগে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় এ নিয়োগ হয়।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার সব ইউনিয়নের আবেদনকারীদের উপস্থিতিতে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনের নেতৃত্বে আবেদনকারী নারীদের উপস্থিতিতেই চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করা হয়।
এলজিইডি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে শারীরিকভাবে সক্ষম ২৫ থেকে ৪৫ বছর বয়সী বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা এবং পরিবারপ্রধান দুঃস্থ নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। কর্মসংস্থানের পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই প্রকল্পের মূল লক্ষ্য।
নিয়োগ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, পুঠিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল ইসলামসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক পরিসরের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কর্মসংস্থানভিত্তিক উদ্যোগ একদিকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখবে, অন্যদিকে অসচ্ছল নারীদের আয়ের সুযোগ তৈরি করে তাঁদের সামাজিক সক্ষমতাও বাড়াবে।