বগুড়া সদর উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার পর শহরের মাটিডালী এলাকায় অবস্থিত পরিষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন দুর্বৃত্ত ফটকের সামনে এসে তাদের একজন ককটেল ছুড়ে মারে, যা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা মোটরসাইকেলে করে দ্রুত সরে পড়ে। ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ককটেল ছোড়ার পরপরই দুর্বৃত্তদের মোটরসাইকেলে পালিয়ে যেতে দেখা যায়।
খবর পেয়ে সদর থানার ওসি ইব্রাহীম আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি বলেন, উপজেলা পরিষদের ভেতরে কোনো ককটেল বিস্ফোরিত হয়নি; দুর্বৃত্তরা সড়ক থেকে পরিষদের সামনে ককটেলটি ছুড়ে পালিয়েছে। ঘটনার সময় ফটকে দুজন আনসার সদস্য দায়িত্বে ছিলেন, তবে তাঁরা কাউকে চিনতে পারেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
স্থানীয় সূত্রের খবরে আরও বলা হয়েছে, একই রাতে জেলার শাজাহানপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল ফাটিয়ে মশাল মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ঘটনার ভিডিওতে ১৯ নভেম্বরের ‘লকডাউন’ সফল করার স্লোগান দেওয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে।