ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দুই বছরের বেশি সময় ধরে চলছে সিসা উৎপাদনকারী একটি কারখানা। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটির বাইরে কোনো সাইনবোর্ড বা প্রতিষ্ঠানের পরিচয় নেই। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কারখানাটির অনুমোদনের আবেদন বাতিল করা হয়েছে। তবু এটি কীভাবে চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
একটি অনুসন্ধানে কারখানাটির অনুমোদনহীন কার্যক্রম, পরিবেশদূষণের অভিযোগ এবং প্রশাসনের আগের অভিযানের তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে বের হওয়া ধোঁয়া ও বর্জ্যে বায়ু ও জলাশয় দূষিত হচ্ছে। এতে আশপাশের বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কী উৎপাদন হয়; তবে ভেতরে সিসা তৈরির কাজ চলছে। স্থানীয়দের দাবি, চীনা নাগরিকদের পরিচালনায় কারখানাটি দীর্ঘদিন ধরে চলছে।
২০২৫ সালের ২৭ আগস্ট তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কারখানায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। তখন তিন বাংলাদেশি ও তিন চীনা নাগরিককে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করে ‘আশুগঞ্জে আর কারখানা চালাবেন না’—এই শর্তে ছয় দিনের মাথায় জনপ্রতি পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান তাঁরা। কিছুদিন বন্ধ থাকার পর কারখানায় আবার উৎপাদন শুরু হয়।
গত ১৪ অক্টোবর বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের পর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। তবে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, ড্রায়ার মালিকদের পরিবেশদূষণের অভিযোগে হয়রানি করা হলেও সিসা কারখানাটির দূষণের বিষয়ে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। কারখানার জমির মালিককেও আইনের আওতায় আনা উচিত বলে তিনি মন্তব্য করেন।