দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হলেও এখনো আশানুরূপ পর্যটকের সমাগম হয়নি। ধীরে ধীরে দ্বীপে প্রাণচাঞ্চল্য ফিরলেও মৌসুমের শুরুতেই দীর্ঘ সমুদ্রযাত্রা, জাহাজভাড়া ও যাতায়াতের নানা প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার পাওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে কক্সবাজার থেকে জাহাজে সেন্টমার্টিন ভ্রমণ করেছেন চার হাজার ৩৯১ জন পর্যটক, যা নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় বেশ কম। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে প্রায় ৯৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাতে ছয় থেকে সাত ঘণ্টা লাগছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ভ্রমণে আসা নবদম্পতি সায়েদুল ইসলাম জানান, দীর্ঘ এই যাত্রায় অনেক পর্যটক ক্লান্তি ও ভোগান্তির কথা বলেছেন; জনপ্রতি যাওয়া-আসার টিকিটের দাম নিয়েও অসন্তোষ আছে। রাজশাহীর সোনাদীঘি থেকে আসা মিজানুর রহমানের অভিযোগ, জাহাজে দীর্ঘ সময় বসে থাকা, ঢেউয়ের দুলুনি ও বমি বমি ভাবের কারণে অনেকের ভ্রমণের আনন্দ ম্লান হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা বেশি কষ্টে পড়ছেন। পর্যটকদের দাবি, যাতায়াত আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক করা হোক।
অন্যদিকে পর্যটকদের আগমনে দ্বীপের হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে। দীর্ঘদিন পর্যটন কার্যক্রম সীমিত থাকায় আর্থিক সংকটে থাকা স্থানীয় ব্যবসায়ীরা এবার ভালো মৌসুমের প্রত্যাশা করছেন। দ্বীপে আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট আছে এবং এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান পর্যটকের অপেক্ষায়।
স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মীরা জানিয়েছেন, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর বিধিনিষেধ আছে। সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ, বারবিকিউ পার্টি এবং মোটরসাইকেল ও সি-বাইক চলাচল নিষিদ্ধ। প্রবাল ও সামুদ্রিক প্রাণীর ক্ষতি হয়, এমন কর্মকাণ্ড থেকেও পর্যটকদের বিরত থাকতে বলা হয়েছে।