সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলে বলা হয়েছে, এ কার্যক্রমের আওতায় ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক হবে না। একই সঙ্গে সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি তিন কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। গত সোমবার অধ্যাদেশটি সংসদে তোলা হয়, আর মঙ্গলবার সেটি রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি আনা হয়।
বিলের বিধান অনুযায়ী, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেন্ডিচার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলে (ক্যাপিটাল এক্সপেন্ডিচার মডেল) এ ব্যবস্থা স্থাপন করতে পারবে। স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে।
ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে আর্থিক সীমা হবে সর্বোচ্চ ৫ কোটি টাকা। কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে এসব ক্রয়ে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক হবে না বলে বিলে বলা হয়েছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ কার্যক্রমের নীতিগত দিকনির্দেশনা দেওয়ার জন্য একটি ‘জাতীয় পলিসি কাউন্সিল’ এবং জেলা পর্যায়ে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’ গঠনের প্রস্তাব রয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থা সুরক্ষায় বিলে চুরির শাস্তিও রাখা হয়েছে। কেউ এ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা এর কোনো যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বিলটি উত্থাপনের আগে বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান এর বিরোধিতা করেন। তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করে আইন প্রণয়ন করা সংসদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।