ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লার মৃত্যুর কারণ নিয়ে অস্পষ্টতা রয়েছে। তাঁকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল, নাকি গুলি করা হয়েছিল, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহে ক্ষতচিহ্ন ছিল এবং শরীরের কিছু অংশ ঝলসানো ছিল।
নিহত রাজু মোল্লা (৪০) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক। তিনি নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান আছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন বলে জানান স্থানীয় বিএনপির লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু বলেন, “রাজু কীভাবে মারা গেছেন, তা ডাক্তাররাই ভালো বলতে পারবেন। এটা অ্যাকসিডেন্ট, ককটেল নাকি গুলি, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। তবে মৃতের শরীরের ঝলসে যাওয়া অংশে একটি ছিদ্র পাওয়া গেছে।” উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়ে থাকতে পারে; ক্ষতের কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী বসে ছিলেন। রাত আটটার দিকে মোটরসাইকেলে এসে আওয়ামী লীগের লোকজন কার্যালয়ে ভাঙচুর চালায় এবং প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এলাকার বাসিন্দা মীর জনি অবশ্য বলেন, সম্ভবত রাজুর মোটরসাইকেলে ককটেল লেগেছিল এবং অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি দুর্ঘটনায় মারা গেছেন। রাজুর চাচা লিয়াকত মোল্লা বলেন, কেউ গুলির কথা বলছে, কেউ ককটেলের কথা।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে মরদেহ ভাঙ্গায় আনা হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বক্তব্য দেন। বিকেল সোয়া পাঁচটার দিকে জানাজা হয়। পরে বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে বাড়ির পাশে তাঁকে দাফন করা হয়।