কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘কক্স অ্যাম্বাসেডর’ নামের হোটেলটির ৮ম তলায় আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলে থাকা শতাধিক পর্যটক এবং আশপাশের হোটেলের পর্যটক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হোটেলটির ৮ম তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লেগে অন্তত চারটি ঘর পুড়ে যায়। ২৩ অক্টোবর সুগন্ধা পয়েন্টের আবাসিক হোটেল সি প্রিন্সেসেও আগুন লাগে; ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ক্ষতি হয়নি।
সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে ১৭ অক্টোবর। ওই দিন উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিনে তৈরি দোতলা একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ভোরে পর্যটকরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। একের পর এক এসব ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনার অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।