রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স এবং জরুরি রোগী পরিবহন সহজ করতে বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগের সামনে সেবাকেন্দ্র দুটির উদ্বোধন করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের উদ্যোগে হাসপাতালের নিরাপত্তা, সেবার পরিবেশ উন্নয়ন ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং ডিসি (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী। এ ছাড়া চিকিৎসক সংগঠনের স্থানীয় নেতারা, রামেক শিক্ষক সমিতির নেতারা, বিভাগীয় প্রধানেরা এবং অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, উত্তরাঞ্চলের অন্যতম বড় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রামেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও স্বজনের সমাগম ঘটে। তাই নিরাপত্তা নিশ্চিত, শৃঙ্খলা রক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।
অন্যদিকে জরুরি রোগী পরিবহন, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী স্থানান্তর এবং মরদেহ বহনে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ির প্রয়োজন হয়। কিন্তু এসব যানবাহনের প্রাপ্যতা, ভাড়া নির্ধারণ, সমন্বয় ও সেবার মান নিয়ে স্বজনদের প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যা কমাতেই অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
হাসপাতালের মুখপাত্র সহযোগী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ বলেন, নিরাপদ হাসপাতাল, সুশৃঙ্খল পরিবেশ ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কার্যক্রম সফল করতে হাসপাতাল প্রশাসন, পুলিশ, অ্যাম্বুলেন্স মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।