রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

রাজশাহীর বিনোদপুর বাজারে ফুটপাতের ব্যবসায়ী পুনর্বাসনের উদ্যোগ, ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক বিনোদপুর বাজার পরিদর্শন করে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বিনোদপুর বাজার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরিদর্শন শেষে বিনোদপুর সিটি মার্কেটে বাজার সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা হয়।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি বাজার এলাকার বিভিন্ন মার্কেট ঘুরে দেখেন এবং সভায় অংশ নেন। সভায় ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের সম্ভাবনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। ব্যবসায়ীরা পুনর্বাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় প্রশাসক বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন; একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তাঁর ভাষ্য, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের মাধ্যমে একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। এ ক্ষেত্রে তিনি ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ীদের সহযোগিতা চান।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বরজাহান আলী, সমিতির সাবেক সভাপতি শাহজাহান আলী এবং ব্যবসায়ী রব্বান আলী ও সাইদুর রহমান। রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদর রহমান ইমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাজার সমিতির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।