ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হয়েছেন বলে শনিবার (৩০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হুথি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সংঘটিত এ হামলায় আরও বেশ কয়েকজন মন্ত্রীও প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়।
হুথিদের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আল-রাহাবি ও তাঁর সহকর্মীরা একটি কর্মশালায় অংশ নেওয়ার সময় বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হন। তবে নিহত মন্ত্রীদের সঠিক সংখ্যা জানানো হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওইদিন সানায় হুথি গোষ্ঠীর একটি “সন্ত্রাসী সামরিক স্থাপনা” লক্ষ্য করে হামলা চালায়। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এ হামলায় পুরো মন্ত্রিসভাই লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইসরায়েলি সূত্রে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীসহ প্রায় ১২ জন মন্ত্রী হামলায় নিহত হন।
হুথি নেতৃত্ব বলেছে, “মহান শহীদদের রক্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে। সরকারের কার্যক্রম চলতে থাকবে এবং কেউ আমাদের প্রতিরোধ থামাতে পারবে না।”
প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে পরিবর্তন ও পুনর্গঠন সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁর মৃত্যু হুথিদের রাজনৈতিক নেতৃত্বের জন্য বড় আঘাত হলেও গোষ্ঠীটি জানিয়েছে, হামলা তাদের কার্যক্রমে প্রভাব ফেলতে পারবে না।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল বহুবার ইয়েমেনে হুথি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। হুথি গোষ্ঠী ইসরায়েলের ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ লোহিত সাগর ও এডেন উপসাগরে পশ্চিমা জাহাজের ওপর আক্রমণ চালাচ্ছে। তারা বলছে, এসব হামলা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে পরিচালিত হচ্ছে।
হামলার পরদিন হুথিরা দক্ষিণ ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে। যদিও ইসরায়েল জানায়, সেটি প্রতিহত করা হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন হুথি নেতৃত্বকে টার্গেট করছে, যা এর আগে হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদ নেতাদের ক্ষেত্রে করা হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ ইঙ্গিত দিয়েছেন, শুধু সামরিক স্থাপনাই নয়, হুথি রাজনৈতিক নেতৃত্বও এখন তাদের লক্ষ্যবস্তু হবে।
এ হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে গাজায় ইসরায়েলি যুদ্ধের পাশাপাশি ইয়েমেনে নতুন করে সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।